সস্তায় বিমানের টিকিট কাটবেন যেভাবে

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

ভ্রমণ ব্যয়ের বড় একটি অংশই ব্যয় হয় বিমানের টিকিটে। তবে সঠিক পরিকল্পনা ও কিছু কার্যকর কৌশল অনুসরণ করলে এই খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলে জানিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, সাশ্রয়ী দামে টিকিট পাওয়ার অন্যতম প্রধান উপায় হলো আগাম বুকিং। দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে অন্তত এক থেকে দুই মাস আগে এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে আড়াই থেকে তিন মাস আগে টিকিট ক্রয় করলে তুলনামূলক কম দামে পাওয়া যায়।

এছাড়াও ভ্রমণের দিন নির্বাচনেও গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে টিকিটের দামে। সাধারণত সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনে যাত্রীচাহিদা বেড়ে যাওয়ায় টিকিটের মূল্য বৃদ্ধি পায়। এ ক্ষেত্রে সপ্তাহের মাঝামাঝি বিশেষ করে মঙ্গলবার ও বুধবার ফ্লাইট নির্বাচন করলে গড়ে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত খরচ কমানো সম্ভব হয়।

অনলাইনে টিকিট অনুসন্ধানের সময় ‘ইনকগনিটো’ বা প্রাইভেট মোড ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই রুটে বারবার অনুসন্ধান করলে অনেক ক্ষেত্রে ওয়েবসাইটের অ্যালগরিদম উচ্চমূল্য প্রদর্শন করতে পারে।

পাশাপাশি সরাসরি ফ্লাইটের পরিবর্তে ট্রানজিট বা কানেক্টিং ফ্লাইট বেছে নিলে খরচ কমানো যায়। যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় থাকলে এ ধরনের বিকল্প অধিক সাশ্রয়ী হতে পারে।

একই সঙ্গে, নির্দিষ্ট কোনো ওয়েবসাইট বা ট্রাভেল এজেন্সির ওপর নির্ভর না করে বিভিন্ন নির্ভরযোগ্য ফ্লাইট তুলনামূলক প্ল্যাটফর্মে মূল্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। ‘প্রাইস অ্যালার্ট’ সুবিধা চালু রাখলে ভাড়ার পরিবর্তন সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়।

সঠিক পরিকল্পনা ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিমানের টিকিটের ব্যয় সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।

  • বিমান টিকেট