বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বহর ও অপারেশনাল বাস্তবতার কারণে ঢাকা/সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত রেখেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার প্রেক্ষিতে যাত্রী ও সংশ্লিষ্টদের অবহিত করতে বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান তুলে ধরে রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থা।
বিমান কর্তৃপক্ষ জানায়, ম্যানচেস্টার রুটটি অর্থনৈতিকভাবে লাভজনক নয় এবং একই সঙ্গে এটি একটি দীর্ঘপথের রুট হওয়ায় বোয়িং ৭৮৭ ও ৭৭৭ এর মত একটি ওয়াইড-বডি উড়োজাহাজ একাধিক দিন সেখানে ব্যস্ত থাকে। ফলে ইউরোপ, হজ ও মধ্যপ্রাচ্যগামী অন্যান্য গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইট পরিচালনায় বহর ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়। বর্তমানে বিমানের সীমিতসংখ্যক ওয়াইড-বডি উড়োজাহাজ দিয়েই এসব রুট পরিচালনা করতে হচ্ছে।
এছাড়া হজ মৌসুমে নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুলসংখ্যক যাত্রী পরিবহনের প্রয়োজন হয়, যার কারণে অন্যান্য রুটে ফ্লাইট ফ্রিকোয়েন্সি সমন্বয় করা অপারেশনালভাবে জরুরি হয়ে পড়ে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের রুটগুলোতে প্রবাসী শ্রমিক ও ওমরা যাত্রীদের চাহিদা তুলনামূলকভাবে বেশি থাকায় সীমিত বহরকে অধিক কার্যকর ও চাহিদাসম্পন্ন রুটে ব্যবহার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়মিত সি-চেক, ইঞ্জিন ওভারহল এবং কাঠামোগত পরিদর্শনের কারণে এক বা একাধিক উড়োজাহাজ দীর্ঘ সময়ের জন্য অপারেশনের বাইরে থাকে, যা বহর সংকটকে আরও বাড়িয়ে দেয়। পাশাপাশি বিশ্বব্যাপী চলমান ক্রু সংকট বিদ্যমান যা বিমানের ক্ষেত্রেও রয়েছে হওয়ায় দীর্ঘপথের ফ্লাইটের পরিবর্তে স্বল্পপথের ফ্লাইট পরিচালনায় ক্রু ব্যবস্থাপনা তুলনামূলকভাবে সহজ ও কার্যকর হয়।
এই বাস্তবতা বিবেচনায় যাত্রীসেবার ধারাবাহিকতা ও অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখতে ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিমান। তবে যাত্রীদের অসুবিধা কমাতে লন্ডন রুটে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়িয়ে সপ্তাহে মোট পাঁচটি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে চারটি ফ্লাইট সিলেট হয়ে লন্ডন এবং একটি ফ্লাইট সরাসরি ঢাকা থেকে লন্ডন যাচ্ছে।
এছাড়া ম্যানচেস্টার ফ্লাইট স্থগিতের কার্যকর তারিখ পূর্বঘোষিত ১ ফেব্রুয়ারি ২০২৬-এর পরিবর্তে ১ মার্চ ২০২৬ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড, ফ্লাইট পরিবর্তন কিংবা লন্ডন হয়ে যাত্রাপথ পরিবর্তনের সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত থাকায় যাত্রী ও সংশ্লিষ্টদের যে অসুবিধা হয়েছে, তার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বর্তমানে নতুন উড়োজাহাজ ক্রয় ও ক্রু নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এসব কার্যক্রম সম্পন্ন হলে ভবিষ্যতে ম্যানচেস্টার রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করা হবে এবংযথাসময়ে সবাইকে জানানো হবে বলে জানায় বিমান ।
