বাংলাদেশের বিমান খাতে প্রভাব বিস্তারে তৎপরতা বাড়িয়েছে ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। সম্প্রতি প্রতিষ্ঠানটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ১৪টি নতুন উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে ১০টি এ-৩৫০ ও ৪টি এ-৩২০নিও মডেলের এয়ারবাস।
অপরদিকে, অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক সমন্বয়ের অংশ হিসেবে মার্কিন বিমান নির্মাতা কোম্পানি বোয়িং এর থেকে ২৫টি উড়োজাহাজ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে বিমানের কাছে ১৪ টি প্লেন বিক্রির প্রস্তাব দিয়েও রেখেছে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠানটি।
দুই শীর্ষ বিমান নির্মাতা প্রতিষ্ঠানের এই প্রতিযোগিতা বাংলাদেশের বিমান খাতে নতুন কূটনৈতিক গতি তৈরি করেছে। দেশের আকাশপথে যাত্রী পরিবহন চাহিদা দ্রুত বাড়ছে, ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ এখন সময়ের দাবি।
বর্তমানে বিশ্বের ৪০টিরও বেশি দেশে এয়ারবাসের উড়োজাহাজ ব্যবহার করে ফ্লাইট পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত মোট ২৫ হাজার ১২৯টি বিমান বিক্রি করেছে, যার মধ্যে ১৬ হাজার ৪৭০টি ইতিমধ্যে গ্রাহকদের কাছে সরবরাহ করা হয়েছে।
দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলংকার মতো দেশগুলোতে পরিচালিত ফ্লাইটের প্রায় ৭২ শতাংশেই এয়ারবাসের উড়োজাহাজ ব্যবহৃত হচ্ছে। এছাড়া, অন্যান্য বিমানের তুলনায় এয়ারবাসের পরিচালন ব্যয় প্রায় ২০ শতাংশ কম ।
