বিমানের সক্ষমতা সংকটে আকাশপথে পিছিয়ে বাংলাদেশ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ মাস আগে

যাত্রী পরিবহনের সক্ষমতা সংকটের কারণেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের সংখ্যা বেশি এবং বাংলাদেশি বিমানের উপস্থিতি তুলনামূলকভাবে কম।

সমসাময়িক ইস্যুতে সচিবালয়ে ব্রিফিংয়ের সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন আহমেদ এ কথা জানান।

তিনি উদাহরণ টেনে বলেন, থাইল্যান্ড, জাপান কিংবা মালয়েশিয়ার বিমানবন্দরগুলোতে নিজস্ব দেশের এয়ারলাইন্সের আধিপত্য স্পষ্ট হলেও ঢাকায় চিত্র সম্পূর্ণ উল্টো। এর মূল কারণ হিসেবে তিনি জাতীয় পতাকাবাহী সংস্থার পর্যাপ্ত উড়োজাহাজের অভাবকে দায়ী করেন।

উপদেষ্টা জানান, কাগজে-কলমে বিমানের কাছে ১৯টি উড়োজাহাজ থাকলেও বাস্তবে ফ্লাইএবল রয়েছে মাত্র ১৪টি। অথচ ২০৩৫ সালের মাস্টারপ্ল্যান অনুযায়ী বিমানের প্রয়োজন অন্তত ৪৭টি উড়োজাহাজ, যা বর্তমান সক্ষমতার তুলনায় অনেক কম।

তিনি আরও বলেন, বোয়িং ও এয়ারবাসের সঙ্গে টেকনো-ইকোনমিক ফিজিবিলিটি বিশ্লেষণের ভিত্তিতে নতুন বিমান ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বোয়িংয়ের সঙ্গে চলমান মূল্য আলোচনা সফলভাবে শেষ না হলে এই গুরুত্বপূর্ণ প্রকিউরমেন্ট প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

উপদেষ্টা সতর্ক করে বলেন, জাতীয় এয়ারলাইন্সের সক্ষমতা না বাড়ালে ভবিষ্যতেও দেশের আকাশপথে বিদেশি এয়ারলাইন্সের আধিপত্য বজায় থাকবে।

  • travel based first digital media
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া