পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআই) ও বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুই দেশের মধ্যে কার্গো পরিবহন সহজ ও গতিশীল করতে একটি ঐতিহাসিক কার্গো চুক্তি স্বাক্ষর করেছে। সোমবার সম্পন্ন হওয়া এই চুক্তি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এক মুখপাত্রের বিবৃতি অনুযায়ী এ চুক্তির আওতায় সৌদি আরবের তিন প্রধান শহর—জেদ্দা, মদিনা ও রিয়াদ ট্রানজিট গেটওয়ে হিসেবে ব্যবহৃত হবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে আঞ্চলিক বাণিজ্যের নতুন করিডোর উন্মুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, এই চুক্তি টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস ও কৃষিপণ্যের মতো গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের লজিস্টিক জটিলতা কমাবে। দুই দেশের জাতীয় বিমান সংস্থার বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে মানসম্মত ও সাশ্রয়ী কার্গো সেবা প্রদান সহজ হবে।
