বন্ধ ও অচল বিমানবন্দর চালুতে সরকারের নতুন উদ্যোগ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ ঘন্টা আগে

সরকার দেশের বন্ধ ও কম ব্যবহৃত বিমানবন্দরগুলো পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করতে একটি সমীক্ষা পরিচালনা করবে। এই উদ্যোগের লক্ষ্য হলো অভ্যন্তরীণ বিমান যোগাযোগ জোরদার করা এবং আঞ্চলিক উন্নয়নে ভারসাম্য আনা।

আজ জাতীয় সংসদে ক্ষমতাসীন দলের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের (ঢাকা-১৮) এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে দেশে মোট ১৭টি বিমানবন্দর রয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর ছাড়াও বাংলাদেশ বিমানবাহিনীর ব্যবহৃত ন্যাভিগেশন সুবিধাসম্পন্ন স্থাপনা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত কয়েকটি স্বল্পদৈর্ঘ্য রানওয়ে (স্টল) বিমানবন্দর রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর হলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর—যেখান থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় ধরনের ফ্লাইট পরিচালিত হয়। এছাড়া সৈয়দপুর, রাজশাহীর শাহ মখদুম, যশোর, বরিশাল ও কক্সবাজারে পাঁচটি অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে।

পুরনো অবকাঠামোর বিষয়ে তিনি বলেন, ঠাকুরগাঁও, লালমনিরহাট, ঈশ্বরদী, শমশেরনগর, কুমিল্লা ও পটুয়াখালীতে ছয়টি স্টল বিমানবন্দর রয়েছে, যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত হলেও বর্তমানে বন্ধ বা অল্প ব্যবহৃত অবস্থায় আছে।

তিনি আরও জানান, কুমিল্লা বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত না হলেও এটি এখনও বাংলাদেশের আকাশসীমা অতিক্রমকারী বিদেশি উড়োজাহাজকে ন্যাভিগেশন সেবা প্রদান করছে। আর ঢাকার তেজগাঁও বিমানবন্দর বর্তমানে যাত্রী পরিবহনে ব্যবহৃত হয় না এবং এটি বাংলাদেশ বিমানবাহিনী পরিচালনা করছে।

সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোকে ধাপে ধাপে ছোট বিমানবন্দর ও এয়ারস্ট্রিপের মাধ্যমে সংযুক্ত করে একটি শক্তিশালী জাতীয় বিমান যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, জনসাধারণের চাহিদা বিবেচনায় বন্ধ বিমানবন্দরগুলো পুনরায় চালুর সম্ভাব্যতা যাচাইয়ে স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিস্তারিত সমীক্ষা পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া প্রস্তাবিত বগুড়া বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ইতোমধ্যে শুরু করেছে বলেও জানান তিনি।

  • বিদেশযাত্রা
  • বিমানবন্দর
  • সর্বশেষ
  • সংসদ