হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বৈশ্বিক এয়ার ও ট্রাভেল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ডানাটা।
বুধবার (২১ মে) রাজধানীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের বিষয়টি উঠে আসে। বৈঠকে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আলহামৌদি।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় ইউএই রাষ্ট্রদূত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নিতে ডানাটার আগ্রহের কথা তুলে ধরেন।
জবাবে প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত রাষ্ট্রদূতকে জানান, তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি চলমান রয়েছে। টার্মিনালের ORAT (Operational Readiness and Airport Transfer) কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু হওয়ার পর গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনার বিষয়ে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, দেশের বিমানবন্দরগুলোর সেবার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং যাত্রীসেবা উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।
বৈঠকে ইউএই রাষ্ট্রদূত বর্তমান বাংলাদেশ সরকারের সঙ্গে বিমান ও পর্যটন খাতে ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ডানাটা বিশ্বের অন্যতম শীর্ষ এয়ার ও ট্রাভেল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বিভিন্ন বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো, ক্যাটারিং, ট্রাভেল ও রিটেইল সেবা দিয়ে থাকে। এর আগে যুক্তরাজ্য ও তুরস্কভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে একই ধরনের সেবা প্রদানে আগ্রহ দেখিয়েছে।
