ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১৩ minutes ago

ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিক কার্যক্রম শুরু করেছে সরকার। এ লক্ষ্যে পরামর্শক নিয়োগের মাধ্যমে সমীক্ষার কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রস্তাবিত বিমানবন্দরে কী পরিমাণ উড়োজাহাজ চলাচল করতে পারবে, কোন দিক দিয়ে উড়োজাহাজ অবতরণ করবে, অবতরণপথের পরিসর কতটুকু হবে এবং বিমানবন্দরের সার্বিক সক্ষমতা কেমন হবে এসব বিষয় সমীক্ষায় যাচাই করা হচ্ছে। এটি বড় পরিসরের একটি জটিল প্রকল্প। এ নিয়ে সরকারের অভ্যন্তরীণ কার্যক্রমও চলছে।

তবে ময়মনসিংহের আগে বগুড়া বিমানবন্দর প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি। মন্ত্রীর মতে, বগুড়া বিমানবন্দর প্রকল্পের অগ্রগতি তুলনামূলক বেশি। প্রকল্পটির কাজ শুরুর পর আগামী এক থেকে দুই বছরের মধ্যে ময়মনসিংহ বিমানবন্দর প্রকল্পও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বগুড়ায় বিমানবন্দর নির্মিত হলে উত্তরাঞ্চলের জেলাগুলোর পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র গড়ে তোলার সুযোগ তৈরি হবে। অন্যদিকে ময়মনসিংহে বিমানবন্দর হলে বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও ঢাকার উত্তরের বিস্তীর্ণ অঞ্চলে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে।

ত্রিশালের রাশেদুল ইসলাম সম্মেলন হলে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান।

বিমানমন্ত্রী আরও জানান, তুরস্কের সঙ্গে বিমান পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক তুরস্ক সফরে বিষয়টি গুরুত্ব পেয়েছে। দেশটির সহযোগিতা পাওয়া গেলে বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন আরও ত্বরান্বিত করা সম্ভব হবে।

এদিকে কক্সবাজার বিমানবন্দরকে পর্যটনকেন্দ্রিক আন্তর্জাতিক যোগাযোগের উপযোগী করে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। কাঠমান্ডু, মালয়েশিয়া ও চীনের কুনমিংয়ের সঙ্গে বিমান যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা চলছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

বৃহত্তর ময়মনসিংহের চার জেলা: ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের স্বাস্থ্যসেবা, যোগাযোগ এবং অবকাঠামোগত উন্নয়নেও সরকার কাজ করতে চায় বলে জানান তিনি। বিশেষ করে চিকিৎসক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরেন।

গ্রামীণ উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রত্যেক সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় অন্তত ৫০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিসেম্বরের পর এ কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার বিষয়ে মন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এ অঞ্চলে পর্যটনশিল্প বিকাশের অপার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে এ অঞ্চলের পর্যটন উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

সভায় মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান মন্ত্রী।

এ সময় তিনি শিল্পায়ন, বিনিয়োগ, গাড়ি উৎপাদন, সৌরবিদ্যুৎ, গ্যাস অনুসন্ধান ও শিক্ষা খাতের উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • বিমানবন্দর
  • সর্বশেষ