চলমান যুদ্ধ পরিস্থিতির পর ঘোষিত যুদ্ধবিরতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ও বুধবার (১৫ এপ্রিল) সারাদিন বিমানবন্দরের কার্যক্রম তুলনামূলকভাবে স্বাভাবিক ছিল।
বিমানবন্দর সূত্রে জানা যায়, এই দুই দিনে মোট ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত ২টি অ্যারাইভাল এবং ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়। এছাড়া এয়ার অ্যারাবিয়ার শারজাহ থেকে আগত ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কট থেকে আগত ১টি অ্যারাইভাল ও মাস্কটগামী ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।
তবে একই সময়ে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩২টি আন্তর্জাতিক ফ্লাইট সচল ছিল। এর মধ্যে মধ্যপ্রাচ্য থেকে আগত ১৭টি অ্যারাইভাল এবং ১৫টি ডিপার্চার ফ্লাইট নিয়মিত পরিচালিত হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো স্থবিরতা কাটিয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এখন পর্যন্ত মোট ৩১৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে গত দুই দিনেই বাতিল হয়েছে ৭টি ফ্লাইট।
