সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন (অ্যারাইভাল) ও দুটি বহির্গমন (ডিপারচার) ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুকরণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা শেষে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সভায় মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে টার্মিনালটির কার্যক্রম শুরু নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলেছেন।
তিনি সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেন। মন্ত্রী বলেন, দীর্ঘদিনের সম্মিলিত প্রচেষ্টার ফলে টার্মিনালটি চালুর পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ হলে ১৬ ডিসেম্বর আংশিক কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
সভায় তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন পরিচালনা এবং চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় করণীয়ও নির্ধারণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব।
এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক এবং জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলো যথাসময়ে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতায় ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
