সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শিগগিরই সিলেট-ইস্তাম্বুল রুটে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট চালুর বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
আজ শনিবার দুপুরে সিলেট নগরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল সম্প্রসারণের কাজ শিগগিরই শুরু হবে। পাশাপাশি বিমানবন্দরটি থেকে আরও আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে টার্কিশ এয়ারলাইনসের সঙ্গে আলোচনা করে সিলেট-ইস্তাম্বুল রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে। নতুন এই রুট চালু হলে সিলেটের প্রবাসীদের আন্তর্জাতিক যাতায়াত আরও সহজ হবে। ইস্তাম্বুলকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে তারা ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পাবেন।
এর আগে দীর্ঘ আট বছর পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করে একটি বিদেশি এয়ারলাইনস। গত ১ সেপ্টেম্বর থেকে ওমানভিত্তিক সালামএয়ার সিলেট-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যেই এবার সিলেট থেকে ইস্তাম্বুলে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগের কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এদিকে ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, শেনজেনভুক্ত দেশগুলোর পাশাপাশি পর্তুগাল ও ফিনল্যান্ডে পড়াশোনার জন্য যেতে অনেক বাংলাদেশি শিক্ষার্থীকে ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে দিল্লিতে যেতে হয়। এতে তাদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে।
হুমায়ুন কবির জানান, শিক্ষার্থী ও ভিসাপ্রত্যাশীদের ভোগান্তি কমাতে দিল্লিতে থাকা বিভিন্ন দেশের ভিসা সেন্টার বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভিসাসংক্রান্ত সেবাগুলো দেশের ভেতরেই নিশ্চিত করার চেষ্টা চলছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সরকারের আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
