ব্যাগেজ নিরাপত্তায় ১৩০ টি বডি ক্যামেরা সংযোজন করলো বিমান

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ সকল আন্তর্জাতিক এয়ারলাইন্সের ব্যাগেজ নিরাপত্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বডি ক্যামেরা সংযোজন করা হয়েছে। ব্যাগেজ নিরাপত্তার আওতায়  ১৩০ টি বডি ক্যামেরা সংযোজন করলো বিমান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট (জিএইচএ) হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের ব্যাগেজ নিরাপত্তা নিশ্চিত করতে এই নতুন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের আওতায় ব্যাগেজ পরিবহন প্রক্রিয়ায় নিয়োজিত ট্রাফিক স্টাফদের জন্য বডি ক্যামেরা সরবরাহ করা হয়।

এই বডি ক্যামেরা ব্যবস্থার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার আওতায় থাকা বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট ও আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটের ব্যাগেজ এয়ারক্রাফট হোল্ড থেকে শুরু করে ব্যাগেজ বেল্ট হয়ে যাত্রীর হাতে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া পর্যবেক্ষণযোগ্য হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে সকল এয়ারলাইন্সগুলোর জন্য গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করছে, তাদের ক্ষেত্রে এই বডি ক্যামেরা উদ্যোগটি একটি অভিন্ন নিরাপত্তা ও স্বচ্ছতার মানদণ্ড নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের মাধ্যমে ব্যাগেজ নিরাপত্তা আরও জোরদার হবে, অপারেশনাল স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং যাত্রীদের আস্থা ও সন্তুষ্টি আরও সুদৃঢ় হবে।

বিমানবন্দরে কোনো ব্যাগেজ সংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে, সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দ্রুত যাচাই এবং যথাযথ সমাধান নিশ্চিত করা সম্ভব হবে যা অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও কার্যকর ও বিশ্বাসযোগ্য করে তুলবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায় , এই উদ্যোগটি গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, পেশাদারিত্ব এবং যাত্রীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির একটি বাস্তব উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

সবসময় যাত্রীদের নিরাপত্তা, সেবা ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক ও কার্যকর সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানায় বিমান।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স