দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আগামী ডিসেম্বরে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারেন। সব প্রক্রিয়া সম্পন্ন হলে ২০২৭ সালের জানুয়ারি থেকে মহাপরিকল্পনার বাস্তবায়ন শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জাতীয় পর্যটন মহাপরিকল্পনার আওতায় দেশের আটটি বিভাগে ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি এই পরিকল্পনার মূল লক্ষ্য বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর ঢাকায় ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ উৎসবেই মহাপরিকল্পনাটি প্রকাশের প্রস্তুতি চলছে। তবে উৎসবের চূড়ান্ত কর্মসূচি ও এতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
ফারুকী বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মহাপরিকল্পনাটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়ার আশা করছেন তারা। চূড়ান্তকরণ প্রক্রিয়া শেষে জাতীয় পর্যটন কাউন্সিলের অনুমোদন পাওয়া গেলে জানুয়ারি থেকেই বাস্তবায়ন কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
তিনি আরও জানান, পরবর্তী অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানোর আগে আগামী ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির যাচাইকৃত মহাপরিকল্পনা হাতে পাওয়ার প্রত্যাশা করছে বিটিবি।
১ হাজার ৪৯৮ পর্যটন কেন্দ্র ঘিরে মহাপরিকল্পনা
মহাপরিকল্পনার সারসংক্ষেপ অনুযায়ী, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ লক্ষ্য অর্জনে পর্যটন অবকাঠামো, পর্যটন পণ্য, গন্তব্য ব্যবস্থাপনা, বিপণন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পরিকল্পনায় সমুদ্রসৈকত, ইকো-ট্যুরিজম, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী পর্যটন, ধর্মীয় পর্যটন, অ্যাডভেঞ্চার, নদীভিত্তিক পর্যটন, গ্রামীণ পর্যটন, ক্রুজ এবং মাইস (মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশন) পর্যটন বিকাশের প্রস্তাব রয়েছে।
এ ছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণে ই-ভিসা চালু, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, গন্তব্য ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে।
পর্যটন খাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা এবং স্বতন্ত্র পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাবও রয়েছে মহাপরিকল্পনায়।
জানুয়ারি থেকে অগ্রাধিকারমূলক কার্যক্রম
বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে ২০২৭ সালের জানুয়ারি থেকেই অগ্রাধিকারমূলক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন বলতে শুধু হোটেল, রিসোর্ট বা অন্যান্য অবকাঠামো নির্মাণকে বোঝায় না। এর অংশ হিসেবে পর্যটন গন্তব্যের প্রচারণা, পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি অংশীজনদের মধ্যে সমন্বয় গড়ে তোলার কাজও শুরু হবে।
পরিকল্পনায় বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চিহ্নিতকরণ, অর্থায়নের বিকল্প উৎস নির্ধারণ, প্রকল্পের অগ্রাধিকার এবং তদারকি ব্যবস্থার জন্য একটি কাঠামো প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বিনিয়োগে প্রণোদনা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে পর্যটন উন্নয়নের সুপারিশ রয়েছে।
পর্যটন খাতকে অগ্রাধিকার দিচ্ছে সরকার
প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগে জাতীয় সংসদে জানিয়েছিলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে পর্যটনকে অন্যতম প্রধান খাত হিসেবে গড়ে তুলতে সরকার সমন্বিত মহাপরিকল্পনা তৈরি করছে।
তিনি কক্সবাজার, সিলেট ও খুলনায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন জমিতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
কক্সবাজারে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে পর্যটন উন্নয়নের জন্য ১৩২ দশমিক ৪৪ একর জমি চিহ্নিত করেছে সরকার। এ ছাড়া দেশের আতিথেয়তা খাতের দক্ষ জনবল তৈরিতে মোটেল লাবণী চত্বরে আধুনিক পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও জাতীয় সংসদে প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্র নিয়ে সমন্বিত মহাপরিকল্পনা চূড়ান্ত করার কথা জানিয়েছেন। একই সঙ্গে কমিউনিটি-ভিত্তিক পর্যটনের প্রসার, পর্যটকদের নিরাপত্তা জোরদার এবং পর্যটন খাতের তথ্য-উপাত্ত উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ প্রণয়নের কাজও শুরু হয়েছে।
বাস্তবায়নে কার্যকর উদ্যোগ চান পর্যটন ব্যবসায়ীরা
জাতীয় পর্যটন মহাপরিকল্পনার দ্রুত ও কার্যকর বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন পর্যটন শিল্পের অংশীজনরা। তাদের মতে, সমন্বিত বিনিয়োগ, পেশাদার গন্তব্য ব্যবস্থাপনা এবং পর্যটকদের সেবার মান উন্নয়ন ছাড়া দেশের পর্যটন সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব নয়।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ পর্যটন খাতের শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা, পেশাদার প্রশিক্ষণ এবং নীতিগত সহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন।
টোয়াবের সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা ও সেবার মান বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন।
অন্যদিকে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান বেসরকারি খাতের অংশগ্রহণ, কার্যকর গন্তব্য ব্যবস্থাপনা এবং সমন্বিত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।
তার মতে, মহাপরিকল্পনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, পরিবেশগত স্থায়িত্ব, পর্যটন বিপণন এবং উন্নত যোগাযোগব্যবস্থাকে যথাযথ গুরুত্ব দিতে হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের পর্যটন খাতে বিনিয়োগ, কর্মসংস্থান ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পরিচিতি বাড়বে। তবে এর সাফল্য নির্ভর করবে পরিকল্পনার সময়োপযোগী বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং ধারাবাহিক তদারকির ওপর।
