আগামী ৬ ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে পর্যটন বিষয়ক মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট’ শুরু হচ্ছে । তিন দিনব্যাপী এই মেলার পর্দা নামবে ৮ ফেব্রুয়ারি যার আয়োজন করছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা ‘বাংলাদেশ মনিটর’।
পর্যটন বিষয়ক এই মেলার ২০তম আসর এটি যার টাইটেল স্পন্সর বেসরকারি উড়োজাহাজ সংস্থা ‘ইউএস-বাংলা এয়ারলাইন্স’।সোমবার রাজধানীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ মনিটর।
অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিক্রয় ও বিপণন প্রধান মো. সফিকুল ইসলাম এবং বাংলাদেশ মনিটরের ব্যবস্থাপনা সম্পাদক ফরহাদ কামাল নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের অধীনে ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫ পর্বের আয়োজন ও দেশ-বিদেশে প্রচারের ক্ষেত্র বাংলাদেশ মনিটরকে সার্বিক সহায়তা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়াও, মেলার দর্শনার্থীদের জন্য এয়ারলাইন্সটি তাদের নেটওয়ার্কভুক্ত বিভিন্ন গন্তব্যে আকর্ষণীয় প্যাকেজ ও এয়ার টিকিটের ওপর মূল্যছাড় ঘোষণা করবে।
এবারের ঢাকা ট্রাভেল মার্টে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ভারত এবং বাংলাদেশের ৪৫টির বেশি প্রতিষ্ঠান ও সংস্থা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন্স, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত অন্যান্য কোম্পানি।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। প্রবেশ ফি নির্ধারিত হয়েছে জনপ্রতি ৫০ টাকা। দর্শনার্থীরা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র্যাফেল ড্র’তে এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার লাভের সুযোগ পাবেন।
