দেশের বাজারে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্য আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
শনিবার (২৩ মে) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন মূল্য নির্ধারণের তথ্য জানানো হয়। নতুন এই দর আজ রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মে মাসে দেশের অভ্যন্তরীণ রুটে পরিচালিত ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা ৮৮ পয়সা। ফলে লিটারপ্রতি মূল্য কমেছে ৩৯ টাকা ৫৭ পয়সা।
এছাড়াও আন্তর্জাতিক রুটের ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ১ দশমিক ৩৩৮৫ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ ডলার নির্ধারণ করেছে বিইআরসি।
এর আগে গত ৭ মে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ২২৭ টাকা ০৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের মূল্য ১ দশমিক ৪৮০৬ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার করা হয়।