জীববৈচিত্র্যের আঁতুড়ঘর ‘সুন্দরবন’ দিবস আজ

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ২ মাস আগে

২৬ তম সুন্দরবন দিবস পালিত হচ্ছে আজ। বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলোর অন্যতম এবং উপকূলীয় নোনাজল পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড এই বনভূমির জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’ হিসেবে পালিত হয়।

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় আয়োজিত ওই সম্মেলনে অংশ নেয় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশসহ দেশের প্রায় ৭০টি পরিবেশবাদী সংগঠন। সেখানেই ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও দিবসটির মূল আয়োজন হচ্ছে খুলনায়।

সুন্দরবন কেবল একটি বন নয়, এটি এক অনন্য জীববৈচিত্র্যের আধার। এখানে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার, প্রায় ৫ হাজার প্রজাতির উদ্ভিদ, ১৯৮ প্রজাতির উভচর প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং ৩০ প্রজাতির চিংড়ি মাছ।

বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া এই বন দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ পুরো দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে বনভূমি দখল, অবৈধ আহরণ এবং নানা মানবসৃষ্ট চাপের কারণে সুন্দরবন আজ হুমকির মুখে। পরিবেশবিদরা মনে করছেন, এই বন রক্ষা করা মানে দেশের উপকূলীয় নিরাপত্তা, জীববৈচিত্র্য এবং জলবায়ু সহনশীলতা নিশ্চিত করা।

 

  • travel based first digital media
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • ম্যানগ্রোভ বন
  • সুন্দরবন দিবস