এভিয়েশন এক্সপ্রেস পেল টিটা অ্যাওয়ার্ড ২০২৬

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

পর্যটন খাতে গণমাধ্যমের মাধ্যমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ “টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড (টিটা) ২০২৬” অর্জন করেছে বিশেষায়িত সংবাদমাধ্যম এভিয়েশন এক্সপ্রেস।

রোববার সন্ধ্যায় রাজধানীর Sheraton Dhaka-এ ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির হাতে পুরস্কার তুলে দেন M Rashiduzzaman Millat।

বাংলাদেশের বিমান, পর্যটন ও প্রবাসী খাতে বিশেষায়িত সাংবাদিকতা এবং শিল্পভিত্তিক ধারাবাহিক কভারেজের মাধ্যমে পর্যটন প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় “বেস্ট ট্যুরিজম প্রমোশন ইন মিডিয়া” ক্যাটাগরিতে এ সম্মাননা অর্জন করে এভিয়েশন এক্সপ্রেস।

এভিয়েশন এক্সপ্রেস বিমান, পর্যটন ও প্রবাসী সেক্টরের একটি বিশেষায়িত গণমাধ্যম হিসেবে যাত্রা শুরু করে। পাক্ষিক মুদ্রণ ও ডিজিটাল প্রকাশনার মাধ্যমে শিল্প সংবাদ, ফিচার, বিশ্লেষণ এবং এক্সক্লুসিভ কভারেজ প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে এভিয়েশন প্রফেশনালস, নীতিনির্ধারক, কর্পোরেট নেতৃত্ব এবং ভ্রমণ সংশ্লিষ্ট মহলে গণমাধ্যমটি শক্ত অবস্থান তৈরি করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মিল্লাত বলেন, সরকার পর্যটন খাতকে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তিতে রূপান্তর করতে কাজ করছে। তিনি জানান, বর্তমানে দেশের মোট জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ হলেও আগামী কয়েক বছরের মধ্যে তা ৮ থেকে ৯ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকার পর্যটনকে শুধু অর্থনৈতিক খাত হিসেবেই নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, আঞ্চলিক উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ের কার্যকর মাধ্যম হিসেবে বিবেচনা করছে। এ লক্ষ্যে দেশের ১,৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত পর্যটন মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয়েছে।

পরিকল্পনায় ইকো ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ধর্মীয় পর্যটন এবং সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক পর্যটনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী পর্যটন শিল্প সংশ্লিষ্টদের কাছ থেকে নীতি-সংস্কার প্রস্তাব আহ্বান করেন এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে পর্যটন অবকাঠামো সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পর্যটন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩টি ক্যাটাগরিতে ১৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা পদক প্রদান করা হয়।

  • এভিয়েশন এক্সপ্রেস
  • টিটা অ্যাওয়ার্ড
  • ভ্রমণ
  • সর্বশেষ