উজবেকিস্তানের সঙ্গে বিমান যোগাযোগ জোরদারের উদ্যোগ বাংলাদেশের

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ২২ ঘন্টা আগে

উজবেকিস্তানের সমরখন্দে দেশটির উপপ্রধানমন্ত্রী জামশিদ খোদজায়েভের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি উড়োজাহাজ সংযোগ স্থাপনের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করার জন্য অনুরোধ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ প্রস্তাবের মধ্যে ঢাকা–তাশখন্দ রুটে উজবেক এয়ারওয়েজের ফ্লাইট পুনরায় চালুর বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

বুধবার (৬ মে) উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

৩ থেকে ৬ মে সমরখন্দে অনুষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অর্থমন্ত্রী।

দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী ও গভীর করার লক্ষ্য নিয়ে বাংলাদেশে একটি উজবেক কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেন মন্ত্রী। উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী জামশিদ খোদজায়েভ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে কার্যকরভাবে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে তার সরকারের প্রস্তুতির কথা জানান।

আগামীতে বাংলাদেশ–উজবেকিস্তান দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও উচ্চ পর্যায়ে উন্নীত করার অঙ্গীকার পুনর্ব্যক্তের মধ্য দিয়ে বৈঠকটি সমাপ্ত হয়।

  • travel based first digital media
  • ফ্লাইট
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া