ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান পর্তুগালের পোর্তো বিজনেস স্কুল (পিবিএস) দক্ষিণ এশিয়ায় শিক্ষার্থী নিয়োগ ও একাডেমিক প্রচারের জন্য বাংলাদেশের কনসালটেন্সি প্রতিষ্ঠান ‘ট্রাভেলারকি’কে তাদের অফিসিয়াল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছে।
এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার শিক্ষার্থীরা পোর্তো বিজনেস স্কুলে ভর্তি সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য, পেশাদার দিকনির্দেশনা ও সরাসরি পরামর্শ সেবা পাবেন।
বিশ্বমানের শিক্ষা ও নেতৃত্ব বিকাশে প্রতিশ্রুত পোর্তো বিজনেস স্কুল দক্ষিণ এশিয়ায় তাদের একাডেমিক উপস্থিতি জোরদারে ট্রাভেলারকির সঙ্গে কাজ করবে। চুক্তি অনুযায়ী, ট্রাভেলারকি শিক্ষার্থী ভর্তি, বিপণন ও প্রচার কার্যক্রম পরিচালনার পাশাপাশি পিবিএসের যোগাযোগনীতির আলোকে বিভিন্ন তথ্যসামগ্রী, অফার ও প্রচারণা উপকরণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেবে।
পোর্তো বিজনেস স্কুলের ডিন ও প্রেসিডেন্ট জোসে এস্তিভস এই অংশীদারিত্বকে সময়োপযোগী উল্লেখ করে বলেন,
“দক্ষিণ এশিয়ায় আমাদের প্রতিনিধি হিসেবে ডাল্টন জহির ও ট্রাভেলারকিকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। পর্যটন ও আতিথেয়তা খাতে তাঁর ২৪ বছরের অভিজ্ঞতা পিবিএসের বৈশ্বিক শিক্ষার্থী সম্প্রদায় সম্প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।”
আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের ডিরেক্টর জোয়াও কোয়েলহো ডি ম্যাগালহায়েস বলেন,
“পিবিএসে আমরা বিশ্বাস করি নেতৃত্ব মানে নতুন সম্ভাবনার অনুসন্ধান ও ধারাবাহিক অগ্রগতি। আমরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার প্রয়োজনীয় দক্ষতা ও দৃষ্টিভঙ্গি দিয়ে প্রস্তুত করি।”
এদিকে অ্যাডমিশন ডিরেক্টর অ্যাঞ্জেলিক গার্সিয়া আসন্ন শিক্ষাবর্ষে দক্ষিণ এশিয়া থেকে শিক্ষার্থী আগমনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, পোর্তো বিজনেস স্কুল ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) র্যাঙ্কিংয়ে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানজনক অবস্থান ধরে রেখেছে। পাশাপাশি বিশ্বের স্বল্পসংখ্যক বিজনেস স্কুলের মধ্যে প্রতিষ্ঠানটি ‘ট্রিপল ক্রাউন’ স্বীকৃতি (এএমবিএ, এএসিএসবি ও ইএফএমডি) অর্জন করেছে। ২০২৩ সালে পিবিএস পঞ্চমবারের মতো এমবিএ স্বীকৃতি নবায়ন করে।
ট্রাভেলারকির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডাল্টন জহির এই অংশীদারিত্বকে বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। পর্যটন, জনসংযোগ ও আন্তর্জাতিক ব্যবসা উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন জহির বর্তমানে ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটির ইউরোপীয় প্রেসিডেন্ট ও পর্তুগাল শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি এফবিসিসিআই ও টিডিএবি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন।
