ভারতীয় বিমানের ওপর নিষেধাজ্ঞা বাড়াল পাকিস্তান

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ মাস আগে

ভারতীয় নিবন্ধিত সামরিক ও বেসামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এ সংক্রান্ত একটি নতুন নোটাম জারি করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, নিষেধাজ্ঞা ২৩ মার্চ পর্যন্ত বহাল থাকবে। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

নোটামে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো ভারতীয় নিবন্ধিত বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। উল্লেখ্য, ভারত-এর বিমানের ওপর এই নিষেধাজ্ঞা প্রায় ১০ মাস ধরে কার্যকর রয়েছে। পাকিস্তান ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত বহাল রাখে।

দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর অঞ্চলের পেহেলগাঁও-এ ভয়াবহ হামলার পর পরিস্থিতি অবনতি ঘটে। এর জেরে নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিত করলে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দেয়।

পরবর্তী সময়ে ৬–৭ মে ভারত পাকিস্তানের একাধিক শহরে হামলা চালায় বলে ইসলামাবাদ দাবি করে। এর জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ নামে সামরিক অভিযান পরিচালনার কথা জানায়। পাকিস্তানের দাবি অনুযায়ী, অভিযানে একাধিক ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়।

সংঘাত চলাকালে পাকিস্তান সাতটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে, যার মধ্যে তিনটি রাফাল যুদ্ধবিমান থাকার কথাও উল্লেখ করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি ড্রোন ধ্বংসের কথাও জানানো হয়। তবে এসব দাবির বিষয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভিন্ন অবস্থান তুলে ধরা হয়েছে।

অবশেষে অন্তত ৮৭ ঘণ্টা উত্তেজনার পর ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত নিরসনে মধ্যস্থতার দাবি করেন।

  • চেক ইন
  • পাকিস্তান
  • ভারত পাকিস্তান আকাশপথ
  • ভারতীয় বিমান