হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগুনের ঘটনায় ফ্লাইট চলাচল স্থগিত থাকায় ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই১১১৬ ফ্লাইট, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি১৬৩ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে।
এছাড়াও, সৌদি আরব থেকে ঢাকাগামী একটি ফ্লাইট অবতরণ করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর আবার চট্টগ্রামে ফিরে গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রাম যাচ্ছে।
