দেশের তিন বেসরকারি উড়োজাহাজ সংস্থার একটি নভোএয়ার।বেশ কিছুদিন হলো বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে।
মূলত, নভোএয়ারের ওয়েবসাইট থেকে এপ্রিলের ১৯ তারিখের পরের কোনো ফ্লাইটের টিকেট বুকিং করা যাচ্ছিল না; এ তথ্য জানাজানি হওয়ার পরই বন্ধ হওয়ার গুঞ্জন আরও ডালপালা মেলে।
তবে এমন গুঞ্জন কে উড়িয়ে দিয়ে এক বিজ্ঞপ্তি দিয়েছে নভোএয়ার।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,গত বেশকিছু দিন হলো নভোএয়ারের ১৯ এপ্রিলের পর টিকেট না পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যে নভোএয়ার বন্ধ হয়ে যাবে। যা একেবারে সঠিক নয়।

সকল বাঁধা উপেক্ষা করে নভোএয়ার পূর্বের ন্যায় চলমান থাকবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,নভোএয়ার তার পূর্বের মতো রুটিন অনুযায়ী চলবে এবং গ্রাহকরা তাদের সকল বিক্রয় কেন্দ্র,অ্যাপ ও ওয়েবসাইট থেকে টিকেট ক্রয় করতে পারবে।
উল্লেখ্য,দেশের ‘প্রথম’ এয়ারলাইন্স হিসেবে নভোএয়ার যাত্রীদের জন্য চালু করেছিল ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম–স্মাইলস, কো-ব্রান্ডেড কার্ড, টিকিট কেনার জন্য মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা।
ভ্রমণ বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন ‘দ্য বাংলাদেশ মনিটরের’ বিচারে ২০১৪ সালে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স, ২০১৯ সালে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স, ২০২২ ও ২০২৩ সালে ‘বেস্ট অনটাইম পারফরমেন্স এয়ারলাইন্স’ এর পুরস্কার পায় বেসরকারি এ বিমান সংস্থাটি।
