বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ সৌদি আরবে বসবাসরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট ইস্যু সংক্রান্ত বিষয়সহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন।
বুধবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য কর্মকর্তা/পরিচালক) ফয়সাল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও সৌদি আরব ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ দেশ। তিনি উল্লেখ করেন, সৌদি আরবে বর্তমানে ৩২ লাখের বেশি বাংলাদেশি প্রবাসী কর্মী বসবাস করছেন, যা তাদের জন্য দ্বিতীয় আবাসভূমির মতো। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সৌদি আরব থেকে আরও বেশি সংখ্যক বাংলাদেশি জনশক্তি আমদানির বিষয়টি বিবেচনার জন্য রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে সৌদি রাষ্ট্রদূত সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গার জন্য বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর অগ্রগতি সম্পর্কে জানতে চান। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন এবং অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তর পূর্ণ সক্ষমতায় কাজ করছে। প্রক্রিয়া দ্রুততর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিক বিশেষ টিমও পাঠানো হয়েছে।
তবে তিনি জানান, আবেদন জমা পড়লেও পাসপোর্ট এনরোলমেন্টে উপস্থিতির হার তুলনামূলকভাবে কম। বিষয়টি সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনা হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রদূত জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ লক্ষ্যে মন্ত্রণালয় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে প্রথমবারের মতো বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি ‘ডেভিল হান্ট ফেজ-২’সহ নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
বৈঠকে সৌদি রাষ্ট্রদূত আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি রিয়াদে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ডিফেন্স শোতে অংশগ্রহণের জন্য সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। তবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানান এবং পরিবর্তে উপযুক্ত প্রতিনিধি পাঠানোর আশ্বাস দেন।
বৈঠকে প্রবাসী কল্যাণ উইংয়ের অতিরিক্ত সচিব ফয়সাল আহমেদ এবং রাজনৈতিক-১ উইংয়ের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন খান উপস্থিত ছিলেন।
