আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার।
সোমবার (১২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের সই করা এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ভিসা নীতিমালা ২০০৬ এবং পরবর্তীতে জারিকৃত সংশ্লিষ্ট প্রজ্ঞাপন যথাযথভাবে অনুসরণ করে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন ও দূতাবাস থেকে সুনির্দিষ্ট ভিসা প্রদান করতে হবে। একই সঙ্গে ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর জারিকৃত পরিপত্রের শর্তাবলী অনুসরণ সাপেক্ষে বিনা ভিসায় আগত বিদেশি নাগরিকদের আগমনী ভিসা (অন অ্যারাইভাল ভিসা) দেওয়া যাবে।
অন অ্যারাইভাল ভিসা প্রদানের ক্ষেত্রে বিদেশি নাগরিকদের আগমনের উদ্দেশ্য, স্পন্সরকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি, হোটেল বা আবাসস্থল, ফিরতি টিকিটসহ প্রয়োজনীয় কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে সন্তুষ্ট হতে হবে। কোনো অনিয়ম, ব্যত্যয় বা সন্দেহের সৃষ্টি হলে আগমনী ভিসা প্রদান করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। এছাড়া বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আগমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্বাচন কমিশন এবং প্রযোজ্য ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় বা তথ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ পর্যবেক্ষণে আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত নির্বাচনকালীন সময়ের জন্য ‘নির্বাচন পর্যবেক্ষণ’ লেখা সম্বলিত সিলসহ আগমনী ভিসা প্রদান করা হবে। নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে নির্বাচন পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ করে আগমনী ভিসা দেওয়ারও সুযোগ রাখা হয়েছে।
এছাড়া বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরসহ স্থল ও নৌ-বন্দরে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান, আগমন ও প্রস্থানের সময় স্পেশাল ব্রাঞ্চ, গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ এবং আন্তর্জাতিক বিমানবন্দরসহ স্থল ও নৌ-বন্দরগুলোকে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান ও আগমন-প্রস্থানের বিস্তারিত তথ্য প্রতিদিন নিয়মিতভাবে এক্সেল ফরমেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বহিরাগমন অনুবিভাগ) এর নির্ধারিত ই-মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
কেকে/এমএ
