দেশের এভিয়েশন খাতের কারিগরি ও অবকাঠামোগত উন্নয়নে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব ও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত–এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন–এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিমান খাতের সার্বিক সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ওয়াশিংটনের সহায়তা কামনা করা হয়। বিশেষ করে আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)–কে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে পর্যটন শিল্পের বিকাশে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির বিষয়টিও উঠে আসে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূত বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমুখী পদক্ষেপের প্রশংসা করেন এবং বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
একই সঙ্গে তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের ব্যাপারে তার দেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই সহযোগিতার আশ্বাস বাংলাদেশের এভিয়েশন খাতের জন্য ইতিবাচক বার্তা। এর ফলে আন্তর্জাতিক রুটে দেশের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিমানবন্দরগুলোর সেবার মান ও নিরাপত্তা ক্যাটাগরি উন্নয়নের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
উভয় পক্ষ নিয়মিত আলোচনার মাধ্যমে সহযোগিতার ক্ষেত্রগুলোকে অদূর ভবিষ্যতে আরও সুনির্দিষ্ট ও কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন।
