ঢাকা-জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে সৌদি আরবের লো-কস্ট এয়ারলাইনস ফ্লাইএডিল। বুধবার (২২ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ারলাইনসটি প্রথমবারের মত জেদ্দার উদ্দেশে ফ্লাইট পরিচালনা করে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক ফ্লাইটটি উদ্বোধন করেন।
ফ্লাইএডিল সৌদি আরবের সাউদিয়া গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়।
ফ্লাইএডিল স্বল্পমূল্যের এয়ারলাইন্স হলেও যাত্রীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ এবং লাগেজ বহনের সুবিধা রেখেছে তারা।
প্রাথমিকভাবে তারা সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করবে। জেদ্দা থেকে ফ্লাইটটি রাত দেড়টায় ঢাকার উদ্দেশে ছাড়বে এবং ঢাকা থেকে দুপুর ১টায় জেদ্দার উদ্দেশে ফিরতি ফ্লাইট পরিচালিত হবে।
তাদের এই নতুন রুট চালু হওয়ায় মধ্য দিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ আরো সহজলভ্য হবে এবং ভ্রমণ খরচ হ্রাস পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
