মাঝ আকাশে তেল ফুরিয়ে যাওয়ায় জরুরি অবতরণ করতে হয়েছে ভারতের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি আবুধাবিগামী একটি উড়োজাহাজ। আজ সোমবার ঘটেছে এ ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই সূত্রে জানা গেছে, সোমবার সকালে কেরালার কোচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭ সিরিজের একটি উড়োজাহাজ। ‘নাইন-৪১৫’ ফ্লাইট নম্বরের বিমানটি উড্ডয়নের প্রায় ৫০ মিনিট পর বিপত্তিতে পড়ে। এ সময় বিমানের প্রথম ইঞ্জিনে তেলের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার বিষয়টি পাইলটের নজরে আসে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত আলোচনা করে উড়োজাহাজটি কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন পাইলটরা।
এয়ার ইন্ডিয়ার একটি সূত্রের দাবি, উড়োজাহাজটির ইঞ্জিনে যে পরিমাণ তেল অবশিষ্ট ছিল, তা দিয়ে কোনোভাবেই আবুধাবি পর্যন্ত যাত্রা করা সম্ভব ছিল না। এমনকি কোচিতে ফেরার পথেও তেলের চাপ দ্রুত কমতে থাকে। ফলে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পাইলটরা প্রথম ইঞ্জিনটি বন্ধ করে দিতে বাধ্য হন।
মাঝ আকাশে এ ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতিতে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় উড়োজাহাজের কোনো যাত্রীই আহত হননি এবং সবাই নিরাপদে রয়েছেন। তবে কী কারণে উড়োজাহাজটির এই পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি এয়ার ইন্ডিয়া। উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট কতজন ছিলেন, সেই তথ্যও প্রকাশ করেনি সংস্থাটি।
