তরুণ উদ্ভাবক জুলহাসের পাশে ইউএস-বাংলা এয়ারলাইন্স

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লার তৈরি উড়োজাহাজ দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এবার তার গবেষণা ও উন্নয়নকে এগিয়ে নিতে সহযোগিতার হাত বাড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি জুলহাসের বিমান তৈরির প্রকল্পে প্রয়োজনীয় আর্থিক, লজিস্টিক ও কারিগরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ কামরুল ইসলাম জানান, জুলহাসের গবেষণাকে আরও সামনে এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি তার উড়োজাহাজ নির্মাণে প্রয়োজনীয় সকল আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত। এমনকি গবেষণা ও প্রশিক্ষণের জন্য যদি তাকে বিদেশে যেতে হয়, সেক্ষেত্রেও ইউএস-বাংলা সম্পূর্ণ সহযোগিতা করবে। এদিন জুলহাস ইউএস-বাংলার উত্তরা কার্যালয়ে যান এবং প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব গ্রহণ করেন। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

জুলহাস মোল্লার জন্ম মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া গ্রামে হলেও নদীভাঙনের কারণে তার পরিবার বর্তমানে জেলার শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকায় বসবাস করছে। ছয় ভাই ও দুই বোনের মধ্যে পঞ্চম জুলহাস ২০১৪ সালে জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করলেও আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারেননি। বর্তমানে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করছেন ২৮ বছর বয়সী এই তরুণ।

ছোটবেলা থেকেই বিভিন্ন প্লাস্টিক ও অন্যান্য বস্তু দিয়ে নতুন কিছু তৈরি করার প্রতি তার ঝোঁক ছিল। তার বাবা জলিল মোল্লা জানান, গত চার বছর ধরে জুলহাস উড়োজাহাজ তৈরির কাজে নিয়োজিত ছিলেন এবং অবশেষে ৩ মার্চ যমুনার চরে তার তৈরি বিমানটি সফলভাবে প্রায় ৫০ ফুট উচ্চতায় উড্ডয়ন করে, যা ৪ মার্চ আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়।

এর আগে, মানিকগঞ্জ জেলা প্রশাসনও জুলহাসের গবেষণাকে উৎসাহিত করতে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয়। বিশেষজ্ঞরা মনে করছেন, জুলহাসের এই সাফল্য দেশের তরুণ উদ্ভাবকদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং তার গবেষণা ও উদ্ভাবনী দক্ষতা বাংলাদেশের প্রযুক্তি ও বিমান শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

  • এয়ারলাইন্স