বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এমডি ড. মো. সাফিকুর রহমানকে ফৌজদারি মামলার কারণে কারাবন্দী হওয়ায় সরকারি সিদ্ধান্তে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। এ প্রেক্ষিতে সংস্থার কার্যক্রম সচল রাখতে পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের ‘বিমান-১ শাখা’ থেকে প্রকাশিত আদেশে বলা হয়েছে, ফৌজদারি মামলায় অভিযুক্ত ও কারাবন্দী থাকায় ড. সাফিকুর রহমানের সঙ্গে সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
আদেশে স্বাক্ষর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একই তারিখের প্রজ্ঞাপনের আলোকে ড. সাফিকুর রহমানের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর ফলে তিনি আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন না।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম সচল রাখতে পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত নতুন এমডি ও সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ড. হুমায়রা সুলতানাকে। তিনি বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিভিল এভিয়েশন) হিসেবে কর্মরত।
অফিস আদেশে আরও বলা হয়েছে, বাংলাদেশ বিমান (রহিত Bangladesh Biman Order, 1972 পুনর্বহাল ও সংশোধন) আইন, ২০২৩-এর ৩০(গ) ধারার আওতায় ড. হুমায়রা সুলতানাকে নির্দেশক্রমে তার বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন।
