বিমানবন্দরে লাগেজ পেতে লাগছে ২০ থেকে ২৫ মিনিট

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ পেতে দীর্ঘ অপেক্ষা, ট্রলির সংকট এবং লাগেজ ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। তবে যাত্রীসেবার মান উন্নয়নে নতুন ট্রলি যুক্ত করা, অকেজো ট্রলি মেরামত এবং লাগেজ বেল্ট এলাকায় সিসিটিভি ক্যামেরা ও লাইভ স্ক্রিন স্থাপনের মতো উদ্যোগ নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরের লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে আটটি লাগেজ বেল্ট এলাকায় স্থাপন করা হয়েছে ৩২টি সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি যাত্রীদের লাগেজ ওঠানো ও বেল্টে পৌঁছানোর প্রক্রিয়া সরাসরি দেখার সুবিধার্থে স্থাপন করা হয়েছে ১৮টি ৬৫ ইঞ্চির ফোর-কে (4K) মনিটর। এর মাধ্যমে উড়োজাহাজ থেকে লাগেজ নামানো এবং বেল্টে পৌঁছানোর প্রক্রিয়া পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়েছে।

বিমানবন্দর-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ছোট ও মাঝারি ফ্লাইটের যাত্রীরা অবতরণের পর গড়ে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে লাগেজ হাতে পাচ্ছেন। তবে সব ফ্লাইটের ক্ষেত্রে একই সময় প্রযোজ্য নয়। কিছু ক্ষেত্রে লাগেজ পেতে ৪৫ মিনিট থেকে দেড় ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

অন্যদিকে, ট্রলি সংকট কমাতেও নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। দেশের অন্যান্য বিমানবন্দর থেকে ২০০টি ট্রলি এনে শাহজালাল বিমানবন্দরে যুক্ত করা হয়েছে। এ ছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে আরও ১৫০টি যাত্রীবাহী ট্রলি যুক্ত করা হয়েছে। পাশাপাশি অর্ধশতাধিক অকেজো ট্রলি মেরামত করে পুনরায় ব্যবহারের উপযোগী করা হয়েছে।

ব্যস্ত সময়ে যাত্রীদের ট্রলি-সংক্রান্ত ভোগান্তি কমাতে নির্দিষ্ট স্থানে ট্রলি প্রস্তুত রাখা, শিফট অনুযায়ী ট্রলিম্যানদের দায়িত্ব পালন এবং তাদের মধ্যে দ্রুত যোগাযোগ ও সমন্বয়ের ব্যবস্থাও নেওয়া হয়েছে। ট্রলির অপব্যবহার ঠেকাতে মোবাইল কোর্টের মাধ্যমে তদারকির উদ্যোগ রয়েছে।

তবে এসব পদক্ষেপের সুফল কতটা দীর্ঘস্থায়ী হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। নতুন ট্রলি ও প্রযুক্তিনির্ভর নজরদারি যাত্রীসেবায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। কিন্তু নিয়মিত রক্ষণাবেক্ষণ, পর্যাপ্ত জনবল এবং ধারাবাহিক তদারকি নিশ্চিত করা না গেলে পুরোনো ভোগান্তি আবারও ফিরে আসার আশঙ্কা থাকবে।

যাত্রীদের প্রত্যাশা, লাগেজ পেতে অপেক্ষার সময় কমানোর পাশাপাশি ট্রলির পর্যাপ্ত সরবরাহ ও লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখতে বিমানবন্দর কর্তৃপক্ষের এই উদ্যোগগুলো নিয়মিত কার্যকর থাকবে।

  • বিমানবন্দর লাগেজ