মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে এবং দোহা এয়ারফিল্ড সম্পূর্ণ বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার আরও ৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আগত ২টি এরাইভাল ফ্লাইট এবং দুবাইগামী ১টি ডিপার্চার ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে।
তবে একই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৪টি এরাইভাল ফ্লাইট এবং ৬টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। অন্যদিকে জেদ্দা, মদিনা ও মাস্কাট রুটের ফ্লাইট বর্তমানে পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আজকের ৫টি ফ্লাইটসহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১০৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
