হিথ্রোতে বিদ্যুৎ বিপর্যয়: মাঝপথ থেকে ফিরল বিমানের ফ্লাইট

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১২ মাস আগে
হিথ্রোতে বিদ্যুৎ বিপর্যয়: মাঝপথ থেকে ফিরল বিমানের ফ্লাইট

লন্ডনের হিথ্রো বিমানবন্দর বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সাময়িকভাবে বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট মাঝপথ থেকে ফিরে এসেছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার সকালে ঢাকা-লন্ডন-ঢাকা রুটের ফ্লাইটটি সকাল ৮টা ৪২ মিনিটে ঢাকা থেকে যাত্রা শুরু করে। এরপর সকাল ৯টা ৬ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং সকাল ১০টা ৪৬ মিনিটে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করে। তবে হিথ্রো বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় দুপুর পৌনে ২টায় সেটি শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে।

কামরুল ইসলাম আরও জানান, ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর যাত্রীদের হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে। বিমানের ওই ফ্লাইটে পাইলট ও কেবিন ক্রুসহ মোট ২৬৭ জন আরোহী ছিলেন।

বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে শুক্রবার সারাদিনের জন্য হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দর সংলগ্ন একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ফলে এই বিপর্যয় ঘটে। হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্র থেকেই বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হত। ফলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ফ্লাইট ওঠা-নামা বন্ধ হয়ে যায়।

হিথ্রোর একজন মুখপাত্র বলেন, “বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে তা আমরা এ মুহূর্তে বলতে পারছি না। তবে পরিস্থিতি সামাল দিতে আমাদের কর্মীরা কঠোর পরিশ্রম করছেন।”

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডনের স্টেশন ম্যানেজারের বরাত দিয়ে কামরুল ইসলাম জানান, “হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আমাদের টিম সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং ক্লিয়ারেন্স পাওয়ার পর পুনরায় ফ্লাইট পরিচালনা করা হবে।”

বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন, “লন্ডনে যাওয়ার ফ্লাইটটি মাঝপথ থেকে ফিরতে বাধ্য হয়েছে, কারণ হিথ্রোতে ফ্লাইট ওঠা-নামা এখন বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা পুনরায় যাত্রা শুরু করব।”

  • Checkinbd
  • এয়ারলাইন্স
  • ফিরল বিমানের ফ্লাইট
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • বিমানবন্দর
  • বিমানের ফ্লাইট
  • শাহজালাল
  • হিথ্রো
  • হিথ্রোতে বিদ্যুৎ বিপর্যয়