বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক হতে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খায়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে ইতোমধ্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন, ঢাকা-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।
তিনি বলেন, “বাংলাদেশের নাগরিকরা যাতে দ্রুত ভারতে যেতে পারেন, সে লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করতে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।”
এর আগে প্রতিমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সালথা উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
