বৃটিশ পাসপোর্ট ছাড়া যুক্তরাজ্যে প্রবেশ বন্ধ

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

বৃটিশ পাসপোর্ট ছাড়া যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ আর থাকছে না। আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর নতুন নিয়ম অনুযায়ী, বিদেশে অবস্থানরত সব বৃটিশ দ্বৈত নাগরিককে যুক্তরাজ্যে প্রবেশের সময় অবশ্যই একটি বৈধ বৃটিশ পাসপোর্ট অথবা সার্টিফিকেট অব এনটাইটেলমেন্ট দেখাতে হবে। তা না হলে সীমান্তে প্রবেশে বিলম্ব কিংবা বাধার সম্মুখীন হতে হতে পারে।

এতদিন দ্বৈত বৃটিশ নাগরিকরা অ-ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারতেন এবং প্রয়োজনে অন্যান্য নথির মাধ্যমে নাগরিকত্ব প্রমাণের সুযোগ ছিল। তবে হোম অফিসের নতুন সিদ্ধান্তে সেই সুযোগ বাতিল করা হয়েছে।

নতুন এই নিয়ম ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সব বৃটিশ ও আইরিশ দ্বৈত নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফলে যুক্তরাজ্যে ফিরতে চাইলে অনেককেই নতুন করে বৃটিশ পাসপোর্ট করাতে হবে। বর্তমানে একটি প্রাপ্তবয়স্ক বৃটিশ পাসপোর্টের ফি ৯৪ দশমিক ৫০ পাউন্ড, বিদেশ থেকে আবেদন করলে ব্যয় আরও বেশি হতে পারে।

হোম অফিসের এক মুখপাত্র জানান, সীমান্তে অপ্রয়োজনীয় বিলম্ব এড়াতে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সব দ্বৈত বৃটিশ নাগরিককে বৈধ বৃটিশ পাসপোর্ট অথবা সার্টিফিকেট অব এনটাইটেলমেন্ট বহন করতে হবে। এই পরিবর্তন যুক্তরাজ্যের নতুন ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) ব্যবস্থার অংশ।

হোম অফিস সূত্রে জানা গেছে, যেসব দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশে ভিসা প্রয়োজন হয় না, তাদের ভ্রমণের আগে ETA নিতে হবে। যদিও বৃটিশ ও আইরিশ নাগরিকরা ETA থেকে অব্যাহতি পাচ্ছেন, তবে তাদের নিজ নিজ দেশের পাসপোর্ট বহন করা বাধ্যতামূলক করা হয়েছে।

তবে ২৫ ফেব্রুয়ারি ২০২৬-এর আগে যারা ভ্রমণ করবেন, তারা আগের নিয়ম অনুযায়ী বৈধ অ-ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন।

নতুন নিয়মে বাড়তি আর্থিক চাপের আশঙ্কাও রয়েছে। বর্তমানে একটি আইরিশ পাসপোর্টের ফি ৭৫ ইউরো, আর বিদেশি পাসপোর্টে যুক্তরাজ্যে বসবাস ও কাজের অধিকার প্রমাণের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট অব এনটাইটেলমেন্টের খরচ ৫৮৯ পাউন্ড, যা অনেকের জন্য ব্যয়বহুল বলে মনে করা হচ্ছে।

হাউস অব কমন্সের এক ব্রিফিংয়ে বলা হয়েছে, আইন অনুযায়ী বৃটিশ নাগরিকদের বৃটিশ পাসপোর্টে ভ্রমণ বাধ্যতামূলক না হলেও, প্রি-ডিপারচার চেক চালু থাকায় পরিবহন সংস্থাগুলো নির্দিষ্ট নির্দেশিকার বাইরে যেতে চায় না। অপর্যাপ্ত কাগজপত্র থাকলে যাত্রী পরিবহনের দায়ে তাদের জরিমানার মুখে পড়তে হতে পারে।

ব্রিফিংয়ে আরও বলা হয়, এতদিন দ্বৈত নাগরিকদের বৃটিশ পাসপোর্টে ভ্রমণের পরামর্শ দেওয়া হলেও তা কঠোরভাবে প্রয়োগ করা হয়নি। নতুন নিয়ম কার্যকর হলে সেই শিথিলতার অবসান ঘটবে।

  • Checkinbd
  • বৃটিশ পাসপোর্ট