বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্য ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টে স্টিকার ভিসা ব্যবহারের প্রথা বাতিল করা হচ্ছে। আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যুক্তরাজ্য ভ্রমণের জন্য ভিসা প্রয়োজন এমন যাত্রীরা আর পাসপোর্টে ভিসা স্টিকার পাবেন না; এর পরিবর্তে চালু হবে ই-ভিসা (e-Visa) ব্যবস্থা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা ধাপে ধাপে পূর্ণাঙ্গ ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরিত করা হচ্ছে। এর অংশ হিসেবে নতুন এই ই-ভিসা চালু করা হচ্ছে, যা অনলাইনে সংরক্ষিত থাকবে এবং ভ্রমণের সময় ডিজিটালভাবেই যাচাই করা হবে।
হাইকমিশন আরও জানায়, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যুক্তরাজ্যে ভ্রমণের জন্য যেসব যাত্রীর ভিসা প্রয়োজন হবে, তারা শুধুমাত্র ই-ভিসা পাবেন। ফলে পাসপোর্টে আর কোনো স্টিকার বা ভিসা লেবেল সংযুক্ত করা হবে না।
ই-ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে www.gov.uk/eVisa ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের হাইকমিশন।
