মধ্যপ্রাচ্য সংকটে ঢাকা বিমানবন্দর থেকে এ পর্যন্ত ৪৪৭টি ফ্লাইট বাতিল

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ সপ্তাহ আগে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) মোট ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক সূত্রে জানা গেছে, নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে মধ্যপ্রাচ্যগামী এবং সেখান থেকে ঢাকাগামী ফ্লাইট পরিচালনায় ব্যাপক প্রভাব পড়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, আকাশপথ বন্ধের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি এবং শুক্রবার (১৩ মার্চ) ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৭টি।

শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েতগামী ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) ২টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট।

বেবিচক জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিয়ম অব্যাহত থাকতে পারে।

  • ফ্লাইট বাতিল
  • বিদেশযাত্রা
  • মধ্যপ্রাচ্য
  • মধ্যপ্রাচ্য সংকট
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর