ঢাকা–জেদ্দা রুটে স্বাভাবিক ফ্লাইট চলাচল

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা ও নিরাপত্তা সংকটের কারণে বিশ্বের বিভিন্ন রুটে শত শত ফ্লাইট বাতিল হলেও ঢাকা–জেদ্দা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। সৌদি আরবগামী এই গুরুত্বপূর্ণ রুটে এখন পর্যন্ত কোনো ধরনের স্থগিতাদেশ বা ফ্লাইট সাসপেনশনের ঘোষণা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এতে করে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়া যাত্রী এবং কর্মস্থলে ফেরার অপেক্ষায় থাকা প্রবাসীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

ফ্লাইট ট্র্যাকিং সাইটের তথ্য অনুযায়ী, ঢাকা–জেদ্দা রুটে সৌদি আরবের জাতীয় এয়ারলাইন্স সৌদিয়া নিয়মিতভাবে তাদের ফ্লাইট পরিচালনা করছে। গত ৮ মার্চ রাত ১টা ৫০ মিনিটে সৌদিয়ার এসভি-৮০৩ ফ্লাইটটি সফলভাবে জেদ্দায় পৌঁছেছে। পাশাপাশি সৌদিয়ার এসভি-৮১১ এবং এসভি-৮০৯ ফ্লাইটও নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করছে।

এদিকে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও এই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছে। ঢাকা থেকে জেদ্দাগামী বিমানের বিজি-৩৩৫ ফ্লাইটটি প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রেই সময়মতো গন্তব্যে পৌঁছাচ্ছে।

ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুযায়ী, আগামী দিনগুলোতেও এই রুটে বিমানের ফ্লাইটগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। সূচি অনুযায়ী ১০ মার্চ সকাল ৯টা ৫৫ মিনিটে, ১১ মার্চ বেলা ১১টা ৫৫ মিনিটে এবং ১২ মার্চ সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে উড্ডয়ন করবে বিজি-৩৩৫ ফ্লাইট।

সংশ্লিষ্টরা যাত্রীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হয়ে সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইন্স থেকে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন। নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরে উপস্থিত হয়ে ভ্রমণ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বানও জানানো হয়েছে।

  • ঢাকা-জেদ্দা