বাতিল ফ্লাইটে যাত্রীর ভিসার মেয়াদ শেষ হলে যা করবেন

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা সংকটের কারণে ঢাকা থেকে এ পর্যন্ত প্রায় তিন শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে বিপাকে পড়েছেন অন্তত ত্রিশ হাজার যাত্রী। এর মধ্যে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন তারা, যাদের ফ্লাইটের অপেক্ষায় থাকতে থাকতে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এমন পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া যাত্রীদের সহায়তার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইতোমধ্যে একটি বিশেষ সেল গঠন করেছে। এই সেল যাত্রীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোর সঙ্গে সমন্বয় করে ভিসা বা ইকামা নবায়নের ব্যবস্থা গ্রহণ করছে।

এ কারণে যাত্রীদের নিজেদের পাসপোর্ট ও ভিসার মেয়াদ সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি কোনো জটিলতা দেখা দিলে দ্রুত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হটলাইন ১৬১১৩৫ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। যারা মধ্যপ্রাচ্যে আটকে পড়েছেন বা ঢাকায় অবস্থান করছেন, তাদের সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখারও আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে সরাসরি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেও সহায়তা নেওয়া যাবে।

সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, ফ্লাইট চূড়ান্তভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত অযথা বিমানবন্দরে না যাওয়াই ভালো। এতে অপ্রয়োজনীয় ভিড় এড়ানো যাবে এবং যাত্রীদের ভোগান্তিও কমবে। সংকটের এই সময়ে ধৈর্য ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

  • ফ্লাইট বাতিল
  • ভিসা মেয়াদ