ভোটের দিন ফ্লাইট মিস এড়াতে বিশেষ সতর্কতা

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনায় সারা দেশে কিছু যানবাহনের ওপর সাময়িক চলাচল নিষেধাজ্ঞা আরোপ করা হলেও দেশের সব বিমানবন্দর খোলা থাকবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হবে।

নির্বাচনের দিন ট্রাক, মাইক্রোবাস, ট্যাক্সিসহ চার ধরনের যানবাহন ২৪ ঘণ্টা বন্ধ থাকবে। ফলে বিমানবন্দরগামী যাত্রীদের যাতায়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি। সামান্য অসতর্কতায় ফ্লাইট মিস হতে পারে ফ্লাইট।

বিশেষজ্ঞরা বলছে, ভোটের দিন বাসা থেকে বের হওয়ার সময় স্বাভাবিকের তুলনায় বেশি সময় হাতে রাখতে। আগে থেকেই বিমানবন্দরে যাওয়া-আসার বিকল্প পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করা উচিত। যাত্রাপথে অবশ্যই পাসপোর্ট ও এয়ার টিকিট সঙ্গে রাখতে হবে, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে কোনো সমস্যা না হয়।

বিদেশ থেকে আগত যাত্রীদের রিসিভ করতে গেলে সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট, টিকিট ও বোর্ডিং পাসের কপি বা ছবি মোবাইল ফোনে সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন এয়ারলাইন্সে যাত্রীচাপ বেড়েছে প্রায় ১০ শতাংশ পর্যন্ত। ফলে টার্মিনালে চেক-ইন কাউন্টার ও ইমিগ্রেশনে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে।

সবমিলিয়ে ভোটের দিন বিমানবন্দরের সড়ক ও টার্মিনালে অতিরিক্ত সময় লাগার সম্ভাবনা রয়েছে। তাই পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণই ফ্লাইট মিস এড়ানোর সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণের জন্য যাত্রীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

  • বিদেশযাত্রা