বাংলাদেশিদের ইতালির ভিসা আবেদনে যে আশ্বাস পেলো সরকার

লেখক: Ashik
প্রকাশ: ১০ মাস আগে

ইতালির উপমন্ত্রী দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই প্রথম কোনো ইইউ দেশ থেকে মন্ত্রী পর্যায়ের সফর।

দীর্ঘদিন ধরে বাংলাদেশি কর্মীদের ইতালি যাওয়ার ভিসা আবেদন নিয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের উদ্বেগ প্রকাশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদির সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করলে ইতালির উপমন্ত্রী ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস প্রদান করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিবাসন ইস্যুতে উভয় পক্ষই অর্থনীতিতে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন। তারা অভিবাসী শোষণ, মানবপাচার এবং অনিয়মিত অভিবাসন, অভিবাসী শোষণ মোকাবিলায় যৌথ প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়ে আইনি অভিবাসনের সুযোগ সম্প্রসারণকে গুরুত্ব দিয়েছেন।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও ইতালির মধ্যকার ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে, বিশেষত গ্রিনফিল্ড খাতে, আরও ইতালীয় বিনিয়োগের আহ্বান জানান।পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বর্তমান সরকার- বিশেষত, বিডা, বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো সহজ করে বাংলাদেশে আরও ভালো ব্যবসার পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করছে। তিনি প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে অবদান রাখতে ইতালির আগ্রহকে স্বাগত জানান।

উপমন্ত্রী ত্রিপোদি ১৯৭২ সাল থেকে বিদ্যমান উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইতালীয় সরকারের দৃঢ় সমর্থনের আশ্বাস ব্যক্ত করেন। তিনি একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের লক্ষ্যে চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বিশেষত, তিনি টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন।

  • ইতালি ভিসা