মধ্যপ্রাচ্য সংকটে এক সপ্তাহ ফ্লাইট বন্ধ ওমান এয়ারের

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ মাস আগে

আঞ্চলিক আকাশসীমা বন্ধ থাকার কারণে এক সপ্তাহের জন্য বেশ কয়েকটি গন্তব্যে ফ্লাইট স্থগিত করেছে ওমান এয়ার।

বিমান সংস্থাটি জানিয়েছে, আগামী ৯ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত উপসাগরীয় দেশগুলোতে যাওয়া এবং সেখান থেকে আসা তাদের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকবে।

ওমান এয়ারের এক ঘোষণায় বলা হয়, আঞ্চলিক আকাশসীমা বন্ধ থাকার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করা হবে বলেও জানানো হয়েছে।

স্থগিত হওয়া গন্তব্যগুলোর মধ্যে রয়েছে—আম্মান, দুবাই, বাহরাইন, দোহা, দাম্মাম, কুয়েত, বাগদাদ এবং খাসাব।

এ সময়ে যেসব যাত্রী এসব রুটে ভ্রমণের পরিকল্পনা করেছিলেন, তাদের ফ্লাইট পুনঃনির্ধারণ বা টিকিট সংক্রান্ত সহায়তার জন্য ওমান এয়ারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে বিমান সংস্থাটি।

  • ওমান এয়ার
  • ফ্লাইট বাতিল
  • বিদেশযাত্রা
  • মধ্যপ্রাচ্য