দক্ষ ট্যুর গাইড তৈরিতে ঢাকায় এভিয়েশন.কম.বিডির উদ্যোগে দিনব্যাপী কর্মশালা

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

পর্যটন খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দ্বিতীয়বারের মতো ‘ট্যুর গাইড টেকনিক অ্যান্ড অপারেশন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে এভিয়েশন.কম.বিডি। শনিবার (২৭ জুন) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ২৩ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণ সম্পন্ন করেন।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কর্মশালায় অংশ নেন অভিজ্ঞ ট্যুর গাইড, পর্যটন পেশাজীবী, ভ্রমণ উদ্যোক্তা, শিক্ষার্থী এবং পর্যটন খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ-তরুণীরা। প্রেজেন্টেশন, দলীয় আলোচনা, টিমওয়ার্ক, কেস স্টাডি এবং বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের ব্যবহারিক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় একজন পেশাদার ট্যুর গাইডের দায়িত্ব, পর্যটক ব্যবস্থাপনা, গন্তব্য উপস্থাপন, কার্যকর যোগাযোগ, গ্রাহকসেবার মান, নিরাপত্তা সচেতনতা এবং পর্যটন শিল্পের বর্তমান প্রবণতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন জার্নি প্লাসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক তৌফিক রহমান। প্রায় তিন দশকের অভিজ্ঞতার আলোকে তিনি পর্যটন শিল্পের বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন।

তিনি বলেন, “একজন ট্যুর গাইড শুধু দর্শনার্থীদের বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখান না; তিনি একটি গন্তব্যের ইতিহাস, সংস্কৃতি ও গল্পকে জীবন্ত করে তোলেন। বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে পেশাদার প্রশিক্ষণ ও ধারাবাহিক শিক্ষার বিকল্প নেই।”

সমাপনী অনুষ্ঠানে ট্রাভেল ক্যানভাসের চিফ এডিটর সৈয়দ গোলাম কাদির বলেন, “একজন ট্যুর গাইড একটি দেশের দূত। তাই দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের মাধ্যমে বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের সঠিক পরিচয় তুলে ধরা জরুরি।”

ট্রাভেল ক্যানভাসের প্রকাশক জহিরুল আলম ভূঁইয়া বলেন, দক্ষ ট্যুর গাইড হতে যোগাযোগ দক্ষতার পাশাপাশি ইংরেজিতে সাবলীলতা, ফার্স্ট এইড, সংকট ব্যবস্থাপনা এবংহ বিভিন্ন পরিস্থিতিতে কাজ করার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এভিয়েশন.কম.বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, প্রথম কর্মশালার সাফল্য ট্যুর গাইডদের জন্য প্রশিক্ষণের চাহিদা স্পষ্ট করেছে। নতুন প্রজন্মকে অভিজ্ঞ বিশেষজ্ঞদের সঙ্গে যুক্ত করে পর্যটন খাতের টেকসই উন্নয়নে কাজ করাই তাদের লক্ষ্য।

অনুষ্ঠানে ট্রাভেল ক্যানভাস ইভেন্ট সাপোর্ট পার্টনার এবং দি বাংলাদেশ মনিটর মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করে।

কর্মশালা শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী ২৩ জন অংশগ্রহণকারীর হাতে সনদ তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও পর্যটন খাতের দক্ষ মানবসম্পদ উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, নেটওয়ার্কিং কার্যক্রম এবং ব্যবহারিক শিক্ষাভিত্তিক বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।

  • travel based first digital media
  • এভিয়েশন.কম.বিডি
  • ট্যুর গাইড
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া