বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড পাচ্ছেন ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১১ ঘন্টা আগে

বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬-এর জন্য ১৬ ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে নির্বাচিত করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। টেকসই পর্যটন, আতিথেয়তা, উদ্ভাবন, ডিজিটাল প্রচার, পর্যটন উদ্যোক্তা ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কার দেওয়া হবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে জমা পড়া মনোনয়ন যাচাই-বাছাই শেষে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড বিজয়ীদের নির্বাচন করে।

বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে আগামী ৩ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এবারের আয়োজনে ‘সেরা টেকসই পর্যটন উদ্যোগ’ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে শাকাওয়াথস সিক্স কন্ট্রোল পয়েন্টস ফর ফুড কস্ট অপটিমাইজেশন। সেরা পাঁচ তারকা হোটেল নির্বাচিত হয়েছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, চার তারকা হোটেল হিসেবে হোটেল আগ্রাবাদ এবং তিন তারকা হোটেল হিসেবে হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স।

সেরা মাইস উদ্যোগে পুরস্কার পাচ্ছে সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড। সেরা বিনোদন পার্ক হিসেবে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স, সেরা হোমস্টে হিসেবে চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস এবং সেরা পর্যটকবাহী নৌযান হিসেবে এমভি মাল্লিক নির্বাচিত হয়েছে।

সেরা ইনবাউন্ড ট্যুর অপারেটর হিসেবে দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড এবং সেরা দেশীয় ট্যুর অপারেটর হিসেবে শেয়ারট্রিপ পুরস্কার পাচ্ছে। সেরা পর্যটন প্রযুক্তি উদ্যোগের স্বীকৃতি পেয়েছে বিডি টিকিটস।

এ ছাড়া সেরা তরুণ পর্যটন উদ্যোক্তা হিসেবে বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চারস এবং সেরা নারী পর্যটন উদ্যোক্তা হিসেবে নুরানি শারমিন আফরোজ নির্বাচিত হয়েছেন।

সেরা ট্যুর গাইড হিসেবে মো. সারোয়ার জাহান (মিঠু), সেরা পর্যটন সাংবাদিক হিসেবে নাঈম আবির এবং সেরা পর্যটন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সালাহউদ্দিন সুমন পুরস্কার পাচ্ছেন।

বাংলাদেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল প্রচার, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের ভূমিকা এবং পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অবদানের স্বীকৃতি দিতে এ পুরস্কারের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে পর্যটন বোর্ড।

পুরস্কারের জন্য নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানিয়ে ৩ অক্টোবরের পুরস্কার বিতরণী ও বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠানে তাদের প্রতিনিধিদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

  • travel based first digital media
  • ট্যুরিজম অ্যাওয়ার্ড
  • পর্যটন
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া