প্রায় ১০ মাস বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে পর্যটক ভ্রমণের অনুমতি দিয়েছে সরকার। এ সময়ে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।
আজ রোববার (২৫ অক্টোবর) পর্যটন গমন বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়। পর্যটক ভ্রমণের দৈনিক সীমা ২ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ জন করা হয়েছে। পর্যটকদের যাতায়াতের জন্য টেকনাফের পরিবর্তে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল করবে।
সেন্টমার্টিনের পরিবেশ সংরক্ষণে প্রত্যেক পর্যটককে ১০০ টাকা করে পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। এ বিষয়ে পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পরিবেশ অধিদপ্তর।
সরকারি সিদ্ধান্তে আরও বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২৩ সালের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের সব নির্দেশনা বহাল থাকবে। দ্বীপের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এসব নির্দেশনা অনুসরণ করতে হবে।
travel based first digital media ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া রাত্রিযাপন সেন্টমার্টিন