টোয়াব নির্বাচন সামনে রেখে ব্যতিক্রমী আয়োজন অগ্রগামী ঐক্যজোটের

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

আসন্ন ২০২৬–২০২৮ মেয়াদের ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনকে সামনে রেখে সদস্যদের সঙ্গে মতবিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে টোয়াব অগ্রগামী ঐক্যজোট। ঈদ পুনর্মিলনী উপলক্ষে শুক্রবার(৫ জুন) শীতলক্ষ্যা নদীতে একটি রিভার ক্রুজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশের পর্যটন খাতের উদ্যোক্তা, টোয়াব সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আয়োজকদের মতে, সদস্যদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, নির্বাচনী অঙ্গীকার উপস্থাপন এবং পর্যটন খাতের বর্তমান বাস্তবতা নিয়ে আলোচনা করতেই এ আয়োজন করা হয়েছে।

রিভার ক্রুজে উন্মুক্ত মতবিনিময়, সাংগঠনিক আলোচনা ও বিনোদনের পাশাপাশি দেশের পর্যটন শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং টোয়াবের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া সদস্যরা বলেন, এমন আয়োজন প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরি করেছে এবং সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়িয়েছে।

অনুষ্ঠানে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের বিভিন্ন পদে মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় সভাপতি পদপ্রার্থী ড. মো. তাসলিম আমিন শোভন সংগঠনকে আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতা, ডিজিটাল রূপান্তর, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং সদস্যদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় টোয়াবকে আরও কার্যকর ও সময়োপযোগী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। তাঁর মতে, পর্যটন খাতের টেকসই উন্নয়নে সংগঠনের সক্রিয় ভূমিকা নিশ্চিত করাও সময়ের দাবি।

  • travel based first digital media
  • টোয়াব
  • নির্বাচন
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া