পর্যটনের স্বর্গ প্রবালদ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করেছে তিনটি জাহাজ।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে এই জাহাজগুলো সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করে। নতুন মৌসুমের প্রথম এই ট্রিপে রয়েছেন প্রায় ১২শ উৎসুক পর্যটক।
মৌসুমের প্রথম যাত্রার আনন্দে ভোর থেকেই নুনিয়ারছড়া ঘাটে ভিড় করতে থাকেন এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদের যাত্রীরা। টিকিট দেখিয়ে জাহাজে উঠার আগে প্রত্যেককে প্রশাসনের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয় পরিবেশবান্ধব পানির বোতল।
সরকারি নির্দেশনা অনুযায়ী অনুমতিপ্রাপ্ত জাহাজগুলোতে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন। পাশাপাশি আগামী দুই মাস ৩১ পর্যন্ত থাকছে দ্বীপে রাত্রিযাপনের সুযোগ।
ভ্রমণে যেতে হলে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত অনলাইন প্ল্যাটফর্ম থেকেই টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে থাকবে ট্রাভেল পাস ও কিউআর কোড। কিউআর কোড বিহীন টিকিট নকল বলে গণ্য করা হবে।
ঘাটে প্রবেশের সময় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ তল্লাশি ও নজরদারিতে নিয়োজিত রয়েছে।
গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত করা হয়। নভেম্বর মাসে রাত্রিযাপনের ওপর বিধিনিষেধ থাকায় আগ্রহী পর্যটকের সংখ্যা কম ছিল, ফলে কক্সবাজার থেকে কোনো জাহাজ সেন্টমার্টিন যাত্রা করেনি।
এর আগে, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় গত অক্টোবরে ১২টি নির্দেশনা জারি করে সরকার।
