সেন্ট মার্টিন ভ্রমণে নিবন্ধন, মানতে হবে বিভিন্ন বিধিনিষেধ

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

পর্যটকদের আগ্রহের শীর্ষে থাকা প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণে ইচ্ছুক পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে যৌথ কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এখন থেকে নিবন্ধনসহ নানা বিধিনিষেধ মেনে চলতে হবে সেন্ট মার্টিনে যেতে ইচ্ছুক পর্যটকদের । মন্ত্রণালয় কর্তৃক গঠিত এই যৌথ কমিটি বিষয়গুলো তদারকী করবে।

মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাবরীনা রহমান এই কমিটি গঠন গঠনের আদেশ দেন। কক্সবাজার সদর ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) কমিটির আহবায়ক ও সদস্যসচিব করা হয়েছে পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের উপপরিচালককে।

কমিটির সদস্য হিসেবে যেসব প্রতিষ্ঠানের প্রতিনিধি থাকবেন সেগুলো হলো-

  • বাংলাদেশ কোস্টগার্ড,কক্সবাজার
  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
  • বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, কক্সবাজার
  • বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, কক্সবাজার ও
  • ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার।

কমিটি উল্লেখযোগ্য যেসব কাজ করবে তার মধ্যে রয়েছে, সেন্টমার্টিন যাওয়ার এন্ট্রি পয়েন্টে অর্থাৎ জাহাজে ওঠার স্থানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তৈরিকৃত অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ট্রাভেল পাস নিতে হবে। উক্ত কমিটি ট্রাভেল পাসধারী পর্যটকদের অনুমোদিত জাহাজে ভ্রমণ নিশ্চিত করবে। এছাড়া নিষিদ্ধঘোষিত পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। পর্যটক ও অনুমোদিত জাহাজে এ বিষয়গুলো কঠোর ভাবে নিয়ন্ত্রণ করবে।

সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকেরা যে হোটেলে থাকবেন তা লিপিবদ্ধ করার পাশাপাশি রেজিস্টারে সংরক্ষণ করার নির্দেশ দেয়া হয়েছে চিঠিতে। সেন্ট মার্টিন ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে বিলবোর্ড স্থাপন করা হবে। সার্বিক বিষয় ও যোগাযোগ সমন্বয় করবে পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয় । প্রয়োজনে কমিটি সদস্য সংখ্যা বাড়াতে পারবে।

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের প্রাকৃতিক ভারসাম্যহীনতার বিপর্যয়ের বিষয়ে পরিবেশবিদরা উদ্বিগ্ন । পরিবেশ রক্ষার জন্য সরকারের পক্ষ থেকেও কঠোর পদক্ষেপের ইঙ্গিত পাওয়া গিয়েছিলো। এরই ধারাবাহিকতায় এই ধরনের পদক্ষেপ।

  • সেন্ট মার্টিন