ঢাকায় তিন দিনের পর্যটন মেলা শুরু

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

রাজধানীর চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ জমকালো আয়োজনে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় পর্যটন উৎসব ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫।

তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এ মেলার আয়োজন করেছে। এবারের আসরে টাইটেল স্পনসর হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আইএইচজি হোটেলস অ্যান্ড রিসর্টস গোল্ড পার্টনার এবং বিকাশ পেমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টোয়াব সভাপতি মো. রাফেউজ্জামান। সঞ্চালনায় ছিলেন টোয়াবের  মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের পরিচালক মোহাম্মাদ ইউনুছ। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক(বাণিজ্য ও মেলা) ) মো. তাসলিম আমিন শোভন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পর্যটনকে এগিয়ে নিতে হলে আমাদের সকল স্টেকহোল্ডারদের একসাথে কাজ করতে হবে। সরকার পর্যটনের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

মেলার আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশি-বিদেশি ১২০টিরও বেশি সংস্থা ও প্রতিষ্ঠান প্রায় ২২০টি স্টল ও ২০টি প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিভিন্ন এয়ারলাইনস, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

পাকিস্তান, নেপাল ও ভুটানের জাতীয় পর্যটন সংস্থা ছাড়াও মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলংকা, ফিলিপাইন, তুরস্ক ও বাংলাদেশসহ ১২টি দেশের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা এ মেলায় অংশ নিচ্ছে।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো দেশি ও বিদেশি গন্তব্যের টিকিট, হোটেল বুকিং ও ট্রাভেল প্যাকেজে বিশেষ ছাড় দিচ্ছে। পাশাপাশি থাকছে বিটুবি সেশন, সেমিনার, অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ও কান্ট্রি প্রেজেন্টেশন। প্রতিদিন দর্শনার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও র‌্যাফেল ড্র পুরস্কারের আয়োজন থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমাশাহীনসুলতানা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাতইয়াসমিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব নায়লা আহমেদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও ড. মো. সাফিকুর রহমান, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অ্যাডিশনাল আইজিপি মো. মাইনুল হাসানসহ অনেকে।

এবার মেলায় প্রবেশমূল্য রাখা হয়েছে জনপ্রতি ৫০ টাকা। তবে ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য প্রবেশ ফি ছাড়া উন্মুক্ত থাকবে। এছাড়া প্রবেশমূল্যে বিকাশ পেমেন্টে বিশেষ ক্যাশব্যাক অফার থাকছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

 

  • ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)
  • ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার
  • বিটিটিএফ-২৫
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স