দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ‘স্টুডেন্ট পাইলট প্রোগ্রাম’-এর আওতায় ট্রেইনি স্টুডেন্ট পাইলট পদে জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা ফ্লাইট অপারেশনস বিভাগে পূর্ণকালীন (ফুল-টাইম) ট্রেইনি স্টুডেন্ট পাইলট হিসেবে কাজের সুযোগ পাবেন। এ প্রোগ্রামের আওতায় নির্বাচিতদের ফ্লাইট প্রশিক্ষণ দেশের বাইরে আয়োজন করা হতে পারে।
আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অন্য কোনো দেশের স্থায়ী বাসিন্দা হওয়া যাবে না। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫.০০ থাকতে হবে এবং ইংরেজিতে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। পাশাপাশি পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত ও উচ্চতর গণিতের মধ্যে দুটি বিষয়ে জিপিএ ৫.০০ এবং একটি বিষয়ে অন্তত জিপিএ ৪.০০ থাকতে হবে। এইচএসসিতে পদার্থবিজ্ঞান বা গণিতের যেকোনো একটিতে জিপিএ ৫.০০ থাকতে হবে (অন্যটি জিপিএ ৪.০০-এর কম নয়)।
অন্যদিকে ও লেভেল ও এ লেভেল প্রার্থীদের ক্ষেত্রে ও লেভেলে গণিত ও পদার্থবিজ্ঞানসহ অন্তত পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড এবং এ লেভেলে গণিত ও পদার্থবিজ্ঞানে অন্তত ‘বি’ গ্রেড থাকতে হবে। জিইডি সনদকে একাডেমিক যোগ্যতা হিসেবে গ্রহণযোগ্য ধরা হবে না।
প্রার্থীদের বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১৬৮ সেন্টিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) এবং নারী প্রার্থীদের ১৬৪ সেন্টিমিটার (৫ ফুট ৪ ইঞ্চি) হতে হবে। উভয় চোখে ৬/৬ দৃষ্টিশক্তি ও স্বাভাবিক রঙ শনাক্ত করার ক্ষমতা থাকতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষায় কথ্য ও লিখিত উভয় ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।
এছাড়া প্রার্থীদের অবশ্যই ধূমপান ও মাদকমুক্ত হতে হবে এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না। নির্বাচিত প্রার্থীদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ(বেবিচক) থেকে ক্লাস–১ মেডিকেল সনদ অর্জনের উপযোগী হতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়ার কোনো ধাপে কোনো ধরনের অর্থ প্রদান করতে হবে না। কেউ অর্থ দাবি করলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ঢাকার উত্তরা কার্যালয়ে স্পট অ্যাসেসমেন্টের জন্য ডাকা হবে।
আগ্রহী প্রার্থীরা ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। কোম্পানি প্রয়োজন অনুযায়ী বিজ্ঞপ্তির যেকোনো শর্ত পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
