ল্যান্ডিং গিয়ারে ত্রুটি: চট্টগ্রাম ফিরে এলো বিমানের ঢাকাগামী ফ্লাইট

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে ফ্লাইটটির ফের চট্টগ্রাম ফিরে আসতে হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বৃহস্পতিবার সকাল ৭ টা ১৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছায় বিমান বাংলাদেশের বিজি-১৪৮ ফ্লাইট । ২৮৭ জন যাত্রী নিয়ে বিমানটি ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু উড্ডয়নের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে বিমানটি গতিপথ পরিবর্তন করে ২০ মিনিট পর ফের চট্টগ্রামে ফিরে আসে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে। বিমানটি বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটের যাত্রীরা নিরাপদে আছেন।

চট্টগ্রাম বিমানবন্দর সূত্র জানায়, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার মডেলের বিমানটি চট্টগ্রাম থেকে উড্ডয়নের পর ল‍্যান্ডিং গিয়ার কাজ করছিল না। ল্যান্ডিং গিয়ারের দরজা বন্ধ না হওয়ায় অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছিল। এ অবস্থায় ঢাকা পর্যন্ত ফ্লাইটটি পৌঁছানো সম্ভব হবে না আশঙ্কা করে চট্টগ্রামে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

  • ড্রিমলাইনার ৭৮৭
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • যান্ত্রিক ত্রুটি